রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অফিসকক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ং, চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী ও প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন।
সংশ্লিষ্টরা জানান, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের ফলে টেলিটকের নেটওয়ার্কের আওতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে দেশের গ্রামীণ ও দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া এবং শহরাঞ্চলে ভবনের ভেতরে নেটওয়ার্কের মান উন্নয়নে এ ব্যান্ড কার্যকর ভূমিকা রাখতে পারে।
কম ফ্রিকোয়েন্সির হওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের রেডিও সিগন্যাল তুলনামূলকভাবে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। একই সঙ্গে ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগ শক্তিশালী করতেও এটি সহায়ক। ফলে প্রত্যন্ত অঞ্চলে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের সম্ভাবনা বাড়বে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর। জনগণের কাছে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের উদ্যোগ টেলিটকের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিক টেলিযোগাযোগসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





