বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সঞ্জয় কুমার বাড়ৈ (৩৫) নামে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সঞ্জয় কুমার বাড়ৈ আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। একই সঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখানোর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





