জাতীয় স্বার্থে সরকার সহযোগিতা চাইলে বিরোধী দল যেকোনো সময় পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। সরকার ও বিরোধী দলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে। জাতীয় উন্নয়ন ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে তৈরি হওয়া সংকট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি সংসদের ৬৮ বিধিতে নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সরকার ও বিরোধী দলের সদস্যরা বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, জ্বালানি সংকট সমাধানে দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল বিশেষজ্ঞ রয়েছেন। জাতীয় স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের কাজে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখনো সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।
ছয় দফা জনদাবি আদায়ে চলমান আন্দোলন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দাবি আদায়ের লক্ষ্যে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তারা জনগণের ক্ষতি করতে চান না। একপর্যায়ে সরকার জনগণের দাবিগুলো বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।



