প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যার সমাধানে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় জায়গা করে নিয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি সমাধান।
নির্বাচিত প্রকল্পগুলো অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিক্স এবং স্মার্ট অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তির ব্যবহার তুলে ধরে।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় উদ্ভাবনকে বাস্তব প্রয়োগে নিয়ে আসা, বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উদ্যোক্তা ও গবেষকদের সহযোগিতার আশ্বাস দেন এবং ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন এআইভিত্তিক সমাধান সম্পর্কে অবহিত করেন। তিনি দেখান, কীভাবে এসব প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার নানা সমস্যা মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে।
মো. সবুর খান বলেন, দেশের বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে তরুণদের এগিয়ে আসতে হবে। গবেষণা ও নতুন ধারণাকে ব্যবহারযোগ্য এবং বাজারোপযোগী সমাধানে রূপ দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী প্রদর্শিত প্রযুক্তিগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।
শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় ড্যাফোডিল এআইয়ের নির্বাচিত ছয়টি প্রকল্প হলো—Dual-Mode FR Vehicle, HOMEPITAL NEXUS, PikoBot, Pav Analytics, IoT Smart Automation এবং The Arbor Voice for Mothers।
এ ছাড়া শিক্ষা, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ তুলে ধরতে AI Professor, Student360, Alumni360, Perfect HR, LeadershipOS এবং RegistrarOS প্রদর্শন করা হয়।





