বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ বাড়াতে সফরের পরিকল্পনা

বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ বাড়াতে সফরের পরিকল্পনা
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য ইতালি সফরের প্রধান উদ্দেশ্য হবে বাংলাদেশের চামড়া শিল্পে নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করা, প্রযুক্তিগত সহযোগিতার পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণ করা।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের চামড়া শিল্পের সক্ষমতা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও বিনিয়োগের সুযোগ ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন।

তিনি জানান, মিলানে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক, ফ্লোরেন্সে টাসকানি অঞ্চলের চামড়া শিল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং রোমে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন অর্জন, পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়ন এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। ইতালির রাষ্ট্রদূত বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনাও বৈঠকে গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত করা হবে। একই সঙ্গে ছোট কারখানাগুলোর জন্য কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার উন্নয়ন চামড়া শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহায়ক হবে বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।