চীনে স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশটির জিয়াংসু প্রদেশে ঘটে এ ঘটনা।
চিকিৎসকদের ধারণা, অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ায় ওই নারীর হাড় দুর্বল হয়ে পড়েছিল। ফলে সামান্য চাপেই তার পাঁজরে গুরুতর আঘাত লাগে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠান্ডা লাগার কথা জানালে স্ত্রীকে জড়িয়ে ধরেন তার স্বামী ওয়াং। আলিঙ্গনের সময় হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি। এরপরই তীব্র ব্যথায় কুঁকড়ে বসে পড়েন ওই নারী। ব্যথার কারণে তিনি নিজে উঠে দাঁড়াতেও পারছিলেন না।
পরদিন সকালে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওয়াং। সেখানে বুকের সিটি স্ক্যান করা হলে দেখা যায়, তার পাঁচটি পাঁজরের হাড় ভেঙে গেছে। পাশাপাশি আরও একটি পাঁজরে চিড় ধরা পড়েছে।
চিকিৎসকেরা জানান, ওই নারী অস্টিওপোরোসিসে আক্রান্ত। এই রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যাওয়ায় হাড় ভঙ্গুর হয়ে পড়ে। তাই স্বাভাবিক চাপ বা সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।
ওয়াং বলেন, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে আলিঙ্গন করেছিলেন। এতে এতটা গুরুতর আঘাত লাগতে পারে, তা তিনি ভাবতেও পারেননি।
জানা গেছে, ওই নারীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি নিয়মিত ডায়েট করতেন এবং অনেক সময় রাতের খাবার এড়িয়ে যেতেন। পাশাপাশি প্রতিদিন অন্তত এক কাপ কফি পান করতেন। পরিবারের দোকানে কাজ করলেও সাধারণত রোদে খুব কম সময় কাটাতেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওই নারীকে ওষুধ সেবন, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার এবং পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতি পাঁচ দিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ তরুণদের ক্ষেত্রে সাধারণ আলিঙ্গনে পাঁজরের হাড় ভেঙে যাওয়া অত্যন্ত বিরল। তবে অস্টিওপোরোসিসের মতো রোগে হাড় দুর্বল হয়ে গেলে এমন ঘটনার ঝুঁকি বাড়তে পারে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজন অনুযায়ী রোদে থাকার পরামর্শ দিয়েছেন তারা।





