মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকার মুগদা মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত সঞ্চয় শিকারী ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের শীতল শিকারীর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
নিহতের ভাই বিনয় শিকারী জানান, প্রায় এক সপ্তাহ আগে তাঁর ভাই জ্বরে আক্রান্ত হন। প্রথমে সাধারণ জ্বর মনে করে বাড়িতে ফার্মেসি থেকে ওষুধ কিনে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিন দিন পর শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।
পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য দীপংকর জানান, সঞ্চয় শিকারী তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। সঞ্চয়ের উপার্জনেই তাঁর পরিবারের ভরণপোষণ চলত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যুতে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে।





