আজ জাতিসংঘ দিবস

আজ জাতিসংঘ দিবস
আজ জাতিসংঘ দিবস

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। বিশ্বের স্বাধীন ও সার্বভৌম দেশগুলোতে প্রতি বছর এ দিনটি যথাযোগ্যভাবে পালন করা হয়। জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার দিনকে স্মরণ করে ১৯৪৮ সালে ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

জাতিসংঘ (United Nations—UN) বিশ্বের বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এর সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। সংস্থাটির পতাকার প্রধান রং নীল ও সাদা। ‘জাতিসংঘ’ নামটি প্রস্তাব করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত।

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে সংগঠনটিতে যোগ দেয়।

জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা রয়েছে। এগুলো হলো—সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালত।

এ ছাড়া জাতিসংঘের অধীন বিভিন্ন বিশেষায়িত ও উন্নয়নমূলক সংস্থা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেসকো (UNESCO), ইউনিসেফ (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বিশ্বব্যাংক।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী পাঁচ দেশ হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এসব স্থায়ী সদস্যরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

জাতিসংঘের মহাসচিব সংস্থাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভে লি, যিনি ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি—ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। অন্যদিকে, জাতিসংঘ সচিবালয়ের কার্যকরী ভাষা ইংরেজি ও ফরাসি।

জাতিসংঘ সনদে রয়েছে ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদ। ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করা হয়। একই বছরের ২৪ অক্টোবর সনদটি কার্যকর হয়।

প্রথমদিকে জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী রাষ্ট্র ছিল ৫০টি। পরে পোল্যান্ড সনদে স্বাক্ষর করায় প্রতিষ্ঠাতা সদস্যরাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ৫১টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিউজ ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।