জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলি চালানোর সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে হামলায় তিনি শারীরিকভাবে কোনো ক্ষতির শিকার হননি।
পুলিশ জানিয়েছে, কারা বা কী কারণে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও পরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।





