হৃদরোগে আক্রান্ত হয়ে অসংক্রামক রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত বা লক্ষণ অবহেলা করা উচিত নয়। হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হৃদরোগের ক্ষেত্রে শরীরে দেখা দেওয়া কোনো সংকেত বা সতর্কবার্তাকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব সবাই জানলেও বাস্তব জীবনে অনেক সময় তা যথাযথভাবে অনুসরণ করা হয় না। হৃদরোগের ক্ষেত্রে এই অবহেলা ঝুঁকি বাড়াতে পারে।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক উভয় ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনের সময় চিকিৎসা নেওয়ার মাধ্যমে অনেক হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. এ এন এম মনোয়ারুল কাদিরসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন বিশেষজ্ঞ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ।





