দেশে এলপিজির সংকট নেই, মজুত করলে ব্যবস্থা: জাহেদ উর রহমান

দেশে এলপিজির সংকট নেই, মজুত করলে ব্যবস্থা: জাহেদ উর রহমান

দেশে এলপিজির পর্যাপ্ত সরবরাহ ও মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে বাজারে অস্থিরতা বা জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। এসব তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

তিনি জানান, দেশের বাজারে এলপিজির সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ তথ্য দেন।

তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু এলাকায় এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, কেউ যাতে অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে বাজারে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও বলেন, বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বর্তমানে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হয়েছে। এর প্রভাবেও কিছু পণ্যের দাম বাড়তে পারে। পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।