আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা

আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা

শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, এটি তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মীর শাহে আলম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ তরুণ ও ছাত্র-জনতার মধ্যে আন্দোলনের চেতনা জাগিয়ে তুলেছিল। সেই আন্দোলনে দেশের লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল, যা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

উত্তরাঞ্চলের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির কথা জানান।

ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একইভাবে আগামী চার বছরে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষকদের ভূমিহীন, প্রান্তিক, মধ্যম ও উচ্চপর্যায়ের বিভিন্ন শ্রেণিতে বিবেচনা করে কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য কৃষকদের তদবির করতে হবে না।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানীর বিষয়ে মীর শাহে আলম বলেন, দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহে তাঁদের মোবাইল অ্যাকাউন্টে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কর্মসংস্থান বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুর চিন্তা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে তরুণদের দক্ষ করে দেশে ও বিদেশে কাজের সুযোগ তৈরি করা হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন কারণে তেল-গ্যাসের বাজারে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, লংমার্চ করে সমস্যার সমাধান হবে না। কারও সুনির্দিষ্ট মতামত থাকলে সংসদে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের সফলতা ও ব্যর্থতা মূল্যায়নের জন্য সময় দেওয়ার অনুরোধ করেন।

শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। তাঁর স্মৃতি আরও ছড়িয়ে দিতে বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া রংপুর স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।