জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সময়োপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে তা উপস্থাপনের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, সংরক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যতে বাড়তে থাকা চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ, মূল্য সহনীয় রাখার সম্ভাব্য উপায় এবং জ্বালানির দাম বাড়ানো-কমানোর ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানি সংকট তৈরির কারণ নিয়েও আলোচনা করা হয়। সংকটকালীন ও পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা একই থাকার পরও শুধু দাম বাড়ানোর মাধ্যমে কীভাবে সংকটের অবসান হয়েছে—এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





