দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ঝিনাইদহের কাজিরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদের স্থানীয় নেতারা।
এ সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুস সুবহান, সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ থানা শাখার সভাপতি ইসরাইল হোসেন, সদস্য সাইদুর রহমান ও উমর ফারুকসহ অন্যান্য নিকাহ রেজিস্টার উপস্থিত ছিলেন।
স্মারকলিপি দেওয়ার পর কাজিরা জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্টার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। সীমিত সংখ্যক বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে পরিবার-পরিজনের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
তাদের দাবি, এর মধ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন করে একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগ দেওয়া হলে বিদ্যমান রেজিস্টারদের আয় আরও কমে যাবে। এতে তারা আর্থিক সংকটে পড়তে পারেন।
এ কারণে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন করে একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।





