প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে যেকোনো এক পর্যায়ে এ সফর হতে পারে। এ বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিই তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ভালো ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সংলাপ ও আলোচনার মাধ্যমে সেগুলো মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, সফরের উপযোগী পরিবেশ তৈরি হলে কোনো এক পর্যায়ে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সফরের সময় বা তারিখ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই পক্ষ পারস্পরিকভাবে অনুকূল একটি অবস্থানে পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা করা হবে।
নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে—এমন আলোচনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে আলোচনা চলছে। তবে গুঞ্জনের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না; বরং বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই কথা বলতে চান।
তিনি বলেন, বাস্তবতা হলো, ভারতের হাইকমিশনারের সঙ্গে মঙ্গলবারের বৈঠকটি অত্যন্ত ভালো হয়েছে। খুব শিগগিরই এ আলোচনার ইতিবাচক ফল পাওয়া যেতে পারে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।





