বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘ট্যাগিং’ করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘ট্যাগিং’ করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘ট্যাগিং’ করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিএনপির সঙ্গে চাঁদাবাজির একটি ‘ট্যাগিং’ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চাঁদাবাজির সঙ্গে বিএনপির নাম জড়ানোর বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরির চেষ্টা রয়েছে। এটি রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কিংবা সরকারের দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির সঙ্গে জড়িত কি না—সে বিষয়ে তিনি কিছু বলছেন না। বরং বিএনপির সঙ্গে চাঁদাবাজির নাম জড়িয়ে দেওয়ার যে রাজনৈতিক প্রচেষ্টা রয়েছে, সেটির কথাই বলা হচ্ছে। তাঁর ভাষ্য, এই ধরনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চলে আসছে।

এনসিপির চাঁদাবাজিবিরোধী কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিষয়টি তাঁর কাছে কিছুটা ‘সার্কাজম’ মনে হয়েছে। তবে সহিংস কর্মসূচির পরিবর্তে শান্তিপূর্ণ কর্মসূচিকে সরকার স্বাগত জানায়।

তিনি বলেন, কোনো ধরনের সহিংসতার পরিবর্তে এ ধরনের কর্মসূচি হলে সরকার সেটিকে স্বাগত জানাবে। রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে এমন কর্মসূচি নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের ভূমিকা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকারের দায়িত্ব কোনো রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা নয়; বরং চাঁদাবাজির যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত এবং তাদের কোনো রাজনৈতিক বা অন্য ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি। প্রয়োজন হলে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও বাংলাদেশ ‘অ্যানার্কি’ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, আইনশৃঙ্খলার কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে, আবার কিছু অপরাধ কমেছে। কোথাও দায়িত্বে অবহেলা বা গাফিলতির ঘটনা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চায়। তাকে হস্তান্তরের বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনার অংশ।

যুক্তরাষ্ট্র বিষয়টিকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে অন্য কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে বলে বাংলাদেশ মনে করে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তাকে দেশে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে।

এ ছাড়া ভারতে বাংলাদেশের যেসব অস্বস্তির বিষয় রয়েছে, সেগুলো তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান জাহেদ উর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।