সরকারের আওতাধীন জনসেবা প্রদানকারী সব বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি।
মঙ্গলবার বরিশালের গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পরে রাজনৈতিক উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের বিষয়টি জানানো হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কাছে সরকারি তথ্য সহজে পৌঁছে দেওয়া এবং সেবার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই প্রতিটি জনসেবা বিভাগ ও দপ্তরে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর ফলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়বে এবং জনগণের সামনে সরকারি কার্যক্রমের বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা সম্ভব হবে।
মৎস্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সেখানে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদনের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়ে মৎস্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন সরকারি পুকুর ও উন্মুক্ত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়।





