কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানকৃত মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বিওপির অধীনস্থ মাদ্রাসা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালারহাট বিওপির একটি বিশেষ টহলদল মাদ্রাসা মোড় এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দ্রুত মোটরসাইকেলটি ফেলে অন্ধকারে সটকে পড়ে। পরবর্তীতে পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ইস্কাপ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ২০০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারির পরিচয় শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”





