ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আটক প্রায় এক হাজার

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আটক প্রায় এক হাজার
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আটক প্রায় এক হাজার

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রায় এক হাজার মানুষকে আটক করেছে দেশটির পুলিশ। বিভিন্ন শহরে বিক্ষোভের শেষ পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান উগ্রপন্থি গোষ্ঠীর সদস্যরা। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ বলেন, বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে উগ্র বামপন্থি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ‘অত্যন্ত উচ্চমাত্রার সহিংসতা’ চালানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন শহরে বিক্ষোভের মূল কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও শেষ দিকে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় কিছু উগ্রপন্থি বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও আতশবাজি ছুড়ে সংঘর্ষের সূত্রপাত করেন।

সহিংসতায় তুলুজ ও ক্লেরমন্ট-ফেরান্দ শহরে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তুলুজের ২০ বছর বয়সী এক যুবকের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নুনিয়েজ জানান, আগের সপ্তাহের তুলনায় এবার সহিংসতার মাত্রা কম ছিল। গত সপ্তাহের বিক্ষোভে প্রায় ২ হাজার ৭০০ জনকে আটক করা হয়েছিল। সে সময় বিভিন্ন দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে। এবার শপিং সেন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নেওয়ায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানান তিনি।

রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের প্রধান পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে কর্মসূচির শেষ দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটে। সেখানে কয়েক হাজার উগ্রপন্থি কর্মীর পাশাপাশি প্রায় ৫০০ জন চিহ্নিত দাঙ্গাকারী জড়ো হয়েছিলেন। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

এদিকে কান ও মন্তপেলিয়ে শহরে এবার প্রথমবারের মতো উগ্র ডানপন্থি কর্মীদেরও রাস্তায় নামতে দেখা গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার কথা বলে তাঁরা মাঠে নামেন। কয়েকটি স্থানে উগ্র বামপন্থি কর্মীদের সঙ্গে তাঁদের সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মধ্যে চলমান বিক্ষোভে সহিংসতার ঘটনা দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।