রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক বিক্রির অভিযোগে ৪৮টি পৃথক মামলা দায়ের করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন ক্রাইম ও গোয়েন্দা বিভাগের যৌথ পরিচালনায় বিভাগওয়ারি অভিযানে—মিরপুর বিভাগ ১৩৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ২ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, নগদ ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর শান্তিশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





