রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোছা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিম (৫৪)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিস্তারিত তথ্য জানান।
ডিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ছালমা ও রহিমকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। টেকনাফ ও দেশের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে তারা খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন মোড়ে পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





