রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দের পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান। অভিযানের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও একজন।
অভিযানকালে পুলিশ ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পাশাপাশি আটটি মোবাইল ফোন, একটি চাপাতি এবং নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযান চলাকালে অপরাধীদের কবলে থাকা একজন ভুক্তভোগীকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।





