কর্মক্ষেত্রে সফল হতে ডিগ্রির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

কর্মক্ষেত্রে সফল হতে ডিগ্রির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ
কর্মক্ষেত্রে সফল হতে ডিগ্রির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে তরুণদের বাস্তবমুখী শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন।

বিশ্বায়নের যুগে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতা বাড়াতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথভাবে শেখাতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নত করা জরুরি।

তিনি বলেন, আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত জ্ঞানের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে বাধার মুখে পড়েন। তবে ইংরেজি শেখার পাশাপাশি মাতৃভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার উদ্যোগও প্রয়োজন।

তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করতে হবে।

প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশের ওপরও জোর দেন।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।