রাজধানী ঢাকায় মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজ ও রাস্তা খোঁড়াখুঁড়ির দরুন সৃষ্টি হওয়া যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা আয়োজনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকার চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পগুলোর কারণে উদ্ভূত যানজট নিরসন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নগরবাসীর ভোগান্তি কমাতে এবং জনগণের সময় ও সরকারি অর্থের অপচয় রোধে ইউটিলিটি সার্ভিস শিফটিং ও উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে করা জরুরি।
এক সংস্থার কাজ শেষ হওয়ার পরপরই যেন অন্য সংস্থা নতুন করে রাস্তা না খোঁড়ে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এমআরটি, ওয়াসা, ডেসকো, সিটি কর্পোরেশনসহ প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যারা নিয়মিত যোগাযোগ রাখবেন।”
ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। এ ছাড়া নগরের ওপর দূরপাল্লার বাসের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এর জন্য ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত এগোচ্ছে।
শহরের অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, “আকস্মিকভাবে কাউকে পুরোপুরি জীবিকাহীন না করে পর্যায়ক্রমে শৃঙ্খলায় আনতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। তবে পিলারের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালিত অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে সরকারের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্নকরণ অব্যাহত রয়েছে।”
নির্বাচন কমিশনের ঘোষিত ইউপি নির্বাচনের সম্ভাব্য তফসিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি স্বাধীন হলেও স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে প্রশাসনিক সমন্বয় জড়িত। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সচিবদের বৈঠকে আলোচনা শেষে সময়সূচি চূড়ান্ত করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ রাজনৈতিক শক্তির ঝটিকা মিছিল ও নাশকতার অপচেষ্টা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিবাদী দুষ্কৃতকারীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাময়িক আতঙ্ক সৃষ্টির চক্রান্ত করছে। ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।”





