সামাজিক অবক্ষয় প্রতিরোধ, দুর্নীতি নির্মূল এবং দেশের টেকসই উন্নয়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দায়িত্ব প্রাপ্তির পর জেলা তদারকিতে এটিই ছিল মন্ত্রীর প্রথম সমন্বয় সভা। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সামাজিক অবক্ষয় রাতারাতি ঘটে না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পরিবার, শিক্ষক, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং কালচার রোধে সব দায় সরকারের ওপর না চাপিয়ে প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে লক্ষ্মীপুরে ২০৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৬টি নারী ও শিশু নির্যাতন এবং ৬৬টি মাদকসংক্রান্ত অপরাধ। পাশাপাশি মাসটিতে ৮৫২টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হলেও এখনো জেলায় ১২ হাজার১৪টি পরোয়ানা পেন্ডিং রয়েছে। ঝুলে থাকা এসব পরোয়ানা দ্রুত তামিলের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপে জানানো হয়, জেলা প্রশাসনের কঠোর অভিযানে গত এক বছরে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। অবৈধ টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযানে ৫৯টি মামলা ও ৩৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত মাদকবিরোধী ৯৮৭টি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ২৪০টি মামলা দায়ের করা হয়েছে।
সভায় জেলার চলমান সড়ক সংস্কারে ভোগান্তি, পৌর এলাকায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল, অবৈধ ইটভাটা এবং মাদক কারবার নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
লক্ষ্মীপুরের জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এ সময় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জনসহ জেলা প্রশাসন, পুলিশ, সুশীল সমাজ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।





