কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপের ৫০ বোতল ও ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা বহনকৃত মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ছাড়া ১৫ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন হাজিটারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ভারতীয় ইস্কাপ সিরাপের ৫০ বোতল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা এবং ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২০ হাজার টাকা। দুই অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ৬ হাজার ৪০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।





