দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। এ কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে ধাপে ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ আইনের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। আইনটি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ তৈরি করছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, মানুষের নিজের পকেট থেকে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে অনেককে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। এ সমস্যা কমাতে স্বাস্থ্যবিমার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গর্ভকালীন সময়ে নারীরা যাতে বিব্রতকর পরিস্থিতি ও অসম্মানজনক আচরণের শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সেবাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্ক্রিনিংয়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রেস্ট ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তের পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনে এ ধরনের প্রযুক্তির সফল ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, কম খরচে দেশের উপজেলা পর্যায় পর্যন্ত এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও বিদ্যমান চ্যালেঞ্জ দূর করতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





