রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিয়ার, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৯২ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ১৯৬ জন, মিরপুরে ২৬৩ জন, গুলশানে ৪২ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পাশাপাশি ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল, একটি কলকী ও ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
এ ছাড়া একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





