যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার আলোচিত ‘কিবরিয়া ফিলিং স্টেশনের’ জমি জাল দলিলের মাধ্যমে দখলের অপচেষ্টা সংক্রান্ত মামলায় বহুমুখী প্রতারক ও অন্তত সাত মামলার আসামি, বহিষ্কৃত বিএনপি নেতা আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র জজ ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। অভিযুক্ত আনোয়ার হোসেন শার্শার বসতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২২ জুন শার্শা উপজেলার বাগআঁচড়া মৌজার ১৭ শতক জমি কবলা দলিলে ক্রয় করেন স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া। জমিটি নিজ নামে নামজারি করে তিনি ‘কিবরিয়া ফিলিং স্টেশন’ স্থাপন করেন এবং দীর্ঘ তিন দশক তা শান্তিপূর্ণভাবে পরিচালনা ও ভোগদখল করে আসছিলেন।
গোলাম কিবরিয়ার মৃত্যুর সুযোগ নিয়ে ২০২৫ সালের ৪ এপ্রিল আসামি আনোয়ার হোসেন একটি ১৯৯৯ সালের দলিল (নং ১৯১১/৯৯) প্রদর্শন করে মালিকানা দাবি করেন। তবে মরহুমের কন্যা তনিমা তাসনুভা রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে ওই দলিলের দাতা ও গ্রহীতার তথ্যে সুস্পষ্ট জালিয়াতি দেখতে পান। এ ঘটনায় তনিমা তাসনুভা বাদী হয়ে ২০২৫ সালের ১৬ এপ্রিল আদালতে দলিল জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলাটি আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে আসামি আদালতে উপস্থিত হয়ে অন্তর্বর্তীকালীন জামিন নিলেও মঙ্গলবার স্থায়ী জামিনের শুনানিকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আবেদনটি সরাসরি খারিজ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।





