ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে ‘ভূমিদৃষ্টি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি অফিসের কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষের ভূমিসেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠার আহ্বান ববি হাজ্জাজের

জিওফেন্সিং প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক অবস্থান বা জিপিএসের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ সংশ্লিষ্ট ভূমি অফিসের নির্ধারিত ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ করা যাবে। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

অ্যাপটির মাধ্যমে হাজিরার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনো সময় বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন।

আরও পড়ুনঃ দুই দশকেও পাকা ভবন হয়নি, টিনশেডেই চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয়ের পাঠদান

এ ছাড়া নির্ধারিত সীমানার বাইরে অবস্থান কিংবা ভুয়া লোকেশন ব্যবহারের চেষ্টা শনাক্ত হলে সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরকারি দায়িত্ব, তদন্ত বা অন্য কোনো কাজে অফিসের বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ ফিচারে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। একই সঙ্গে অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন ও ছুটির হিসাব সংরক্ষণের সুবিধাও থাকবে।

বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলট কার্যক্রম চলছে। প্রাথমিক পর্যায়ে ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

আরও পড়ুনঃ এশিয়ার স্বাস্থ্যখাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

পাইলট প্রকল্পের কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে ‘ভূমিদৃষ্টি’ সম্প্রসারণ করা হবে। অ্যাপটি চালুর কারিগরি সহযোগিতায় রয়েছে প্যারালাক্সলজিক ইনফোটেক।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলা’য় প্রধানমন্ত্রী সমীপে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রযুক্তিনির্ভরভাবে তদারকির জন্য ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব প্রথম উপস্থাপন করেন ভূমি প্রতিমন্ত্রী। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন হতে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।