নারী উদ্যোক্তাদের অর্থায়ন, ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন এবং নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মর্যাদাপূর্ণ ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
এডিবির ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসের আওতায় গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ তৈরি, ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং নারীদের জন্য সহায়ক ব্যাংকিং পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক উদ্যোগকে এই আন্তর্জাতিক স্বীকৃতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (TARA) এবং খাদিজা মারিয়ামের নেতৃত্বে পরিচালিত ‘এসএমই উইমেন অন্ট্রপ্রেনর সেল’।
নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সম্প্রসারণে সহায়তা করতে এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আর্থিক সমাধান, পরামর্শ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সিঙ্গাপুরের অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং অ্যান্ড ট্রেজারির সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ফারহানা শারমিন সুমী এবং কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব ইউনিট-২ জাকিয়া জলিল।
অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর অ্যান্ড হেড অব জেন্ডার ইকুয়ালিটি ডিভিশন কেইকো নাওকা, ডিরেক্টর অ্যান্ড হেড অব দ্য ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ডিভিশন স্টিভেন বেক এবং ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ডিভিশনের ইউনিট হেড অব সাউথ এশিয়া নেহা নোরোনহা।
ব্র্যাক ব্যাংকের এই অর্জন প্রসঙ্গে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিবির স্বীকৃতি তাদের এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোর বাস্তব চ্যালেঞ্জ চিহ্নিত করে উদ্যোক্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করতে ব্যাংকের কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছেন। হাজারো নারী উদ্যোক্তার সাহস ও স্বপ্নকে এই অর্জনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং একটি পূর্ণাঙ্গ সহায়ক পরিবেশ তৈরিতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে শুধু টিকে থাকার পর্যায় থেকে বের করে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এডিবির ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। বাণিজ্য ও সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়।





