প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা টি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি’ অ্যাপের মাধ্যমেও মোবাইল ও স্মার্ট টিভিতে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।
র্যাংকিংয়ে এগিয়ে মালয়েশিয়া
ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ১৩৬তম অবস্থানে রয়েছে মালয়েশিয়া। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৮১তম। র্যাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে মালয়েশিয়া এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ।
চার বছর আগে এই মালয়েশিয়ার কাছেই ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এবার সেই অতীতের ফল পেছনে ফেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের দল।
সাফের প্রস্তুতিও গুরুত্বপূর্ণ
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও প্রধান কোচ থমাস ডুলি জানিয়েছেন, আসিয়ান কাপকে শুধু একটি প্রতিযোগিতা হিসেবে দেখছে না দল। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেও এই টুর্নামেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ জ্বালানি তেলের দাম বাড়তেই রাজধানীর বাজারে সবজির দামে উত্তাপ
দলের লক্ষ্য প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের আরও অভিজ্ঞ করে তোলা।
বাংলাদেশের তিন ম্যাচ একই ভেন্যুতে
এবারের আসিয়ান কাপ দুটি ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। আর দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
মালয়েশিয়ার বিপক্ষে আজকের ম্যাচের পর আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার একই জিবিকে স্টেডিয়ামে। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে লাল-সবুজের দল।





