জ্বালানি তেলের দাম বাড়তেই রাজধানীর বাজারে সবজির দামে উত্তাপ

জ্বালানি তেলের দাম বাড়তেই রাজধানীর বাজারে সবজির দামে উত্তাপ
সবজির দাম ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ার কয়েক দিনের মধ্যেই রাজধানীর খুচরা বাজারে বিভিন্ন সবজির দাম আবারও বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বেগুন, করলা, পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা ও ধুন্দলসহ বেশ কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কাঁচামরিচ ও টমেটোর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের বাজারে এখনো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় ধরনের প্রভাব দেখা যায়নি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

আরও পড়ুনঃ আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

খুচরা ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দাম ওঠানামা করছে। কোনো পণ্যের দাম কিছুটা কমার পর অল্প সময়ের মধ্যেই আবার বাড়ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের ব্যয় বেড়েছে। সেই বাড়তি খরচের প্রভাব ধীরে ধীরে পাইকারি ও খুচরা বাজারে পড়ছে।

জ্বালানি ব্যয়কে দায়ী করছেন ব্যবসায়ীরা

ব্যবসায়ীদের ভাষ্য, পণ্য পরিবহনে ট্রাক ও অন্যান্য যানবাহনের খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেও অতিরিক্ত ব্যয় যোগ হচ্ছে। পরে সেই ব্যয় খুচরা পর্যায়ে যুক্ত হওয়ায় পণ্যের দাম বাড়ছে।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে চলতি বছর ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী মিজান জানান, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে বেগুনসহ নানা ধরনের সবজি আসে। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল প্রায় ১৮ হাজার টাকা। এখন একই ট্রাকের ভাড়া বেড়ে প্রায় ২১ হাজার টাকা হয়েছে।

তার দাবি, পরিবহন ব্যয় বাড়ার কারণে পাইকারি বাজারে সবজির ক্রয়মূল্যও বেড়েছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে।

কোন সবজির কত দাম

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে লম্বা বেগুন এখন আকার ও মানভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই বেগুন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে পাওয়া গেছে।

করলার দামও বেড়েছে। কিছুদিন আগে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে মানভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটোল ও ঢ্যাঁড়শের দামও বেড়ে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে উঠেছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল প্রায় ৫০ থেকে ৬০ টাকা কেজি।

এ ছাড়া ঝিঙা, ধুন্দলসহ আরও কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে কাঁচা পেঁপের দাম এখনো প্রায় ৩০ টাকা কেজিতেই রয়েছে। কাঁচামরিচের দামও বাজারভেদে আগের কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ক্রেতাদের অভিযোগ নজরদারির ঘাটতির

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বাজারে পড়তে পারে—এটা স্বীকার করলেও ক্রেতাদের অভিযোগ, পরিবহন ব্যয় যে হারে বেড়েছে, অনেক পণ্যের খুচরা দাম তার চেয়ে বেশি হারে বাড়ানো হচ্ছে।

রাজধানীর এক চাকরিজীবী মিনহাজ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের দামে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। কিন্তু একবারে কোনো কোনো সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে যাওয়ার বিষয়টি যৌক্তিক কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাজারে কার্যকর নজরদারি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ডিম-মুরগির বাজারে বড় পরিবর্তন নেই

সবজির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও ফার্মের ডিম ও ব্রয়লার মুরগির দাম মোটামুটি আগের পর্যায়েই রয়েছে।

ফার্মের ডিম প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি। চালের দামেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।

দুধ, আটা-ময়দার দামও বেড়েছে

এরই মধ্যে কয়েকটি বেসরকারি বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বাড়িয়েছিল।

অন্যদিকে আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। প্রায় দুই সপ্তাহ আগে কয়েকটি সরবরাহকারী করপোরেট প্রতিষ্ঠান আটা ও ময়দার দাম বাড়িয়েছে বলে বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন ব্যয়ের পাশাপাশি নিত্যপণ্যের বাজারে নতুন করে মূল্যচাপ তৈরি হচ্ছে। ক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় বৃদ্ধির প্রকৃত প্রভাব কতটা এবং কোন পর্যায়ে কতটা মূল্য বাড়ানো হচ্ছে, তা নিয়মিত তদারকি করা জরুরি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

দ্য নিউজ ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।