বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মিন্টু সেরনিয়াবাত বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। ওই কর্মসূচিতে মিন্টু সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে পরে আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।





