ঢাকা: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রথম শাহাদাতবরণকারী রংপুরের আবু সাঈদ এবং চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ আন্দোলনকে নতুন মাত্রা দেয়। তাদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তা সর্বাত্মক গণআন্দোলনে রূপ নেয়।
তিনি বলেন, পরবর্তী সময়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলন আরও বিস্তৃত হয় এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে আন্দোলন সফলতার পর্যায়ে পৌঁছে।
আহমেদ আযম খান বলেন, ১৬ জুলাইসহ পুরো জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে আরও সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।