মাদারীপুরের ডাসারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মধ্যরাতে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এবং পরদিন সকালে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ডাসার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার আমিরী গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষ মজলু সরদারের নির্দেশে তাঁর সমর্থকরা বাদী সুমা আক্তার মায়া ও প্রতিবেশী খোরশেদা বেগমের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে প্রবাসী আল আমিন সরদারের বসতঘরের দরজার শিকল রশি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
এ ঘটনায় আল আমিনের স্ত্রী সুমা আক্তার মায়া ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের জের ধরে বৃহস্পতিবার সকালে ইসলাম সরদার, কামরুল সরদার, রেহেনা ও তিসাসহ ১০-১২ জনের একটি দল বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে এবং ঘরে থাকা নারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী সুমা আক্তার মায়া বলেন, “ওরা আমাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছি। থানায় অভিযোগ করায় আজ সকালে আবার বাড়িতে ঢুকে আমাদের ওপর হামলা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
প্রতিবেশী খোরশেদা বেগম বলেন, “মধ্যরাতে কান্নার শব্দ শুনে উঠে দেখি পাশের ঘরে আগুন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আগুন লাগানোর কাজে ব্যবহৃত বোতল ও পেট্রোল উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযোগ করতে বলে। অভিযোগ করার পরদিন সকালে আমাদের বাড়িতে ঢুকে আমাকে, আমার স্বামী ও পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। আমরা এখন চরম আতঙ্কে আছি।”
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী মজলু সরদার বলেন, “দেড় বছর ধরে জায়গা নিয়ে বিরোধ চলছে। আমরা কাউকে মারধর করিনি এবং আগুনও দিইনি। বরং আজ আমার বড় ছেলেকে সিন্টু ও তার স্ত্রী মারধর করেছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।”
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ক্যটাগরির আরো খবর..