ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোলায়মান তুহিন নামের এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত দশটার দিকে বরিশারের গৌরনদী উপজেলার মদিনাষ্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সংবাদকর্মী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন অভিযোগ করে বলেন-গত বুধবার রাতে ব্যবসায়ী মিজানুর রহমানের শশুরবাড়িতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলাম।
পথিমধ্যে লাখেরাজ কসবা (কাসারু বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের নামিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় কয়েকজন দুর্বৃত্তকে চিনে ফেলায় ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত ইমরান মোল্লা, কামাল সরদার, রাশেদ সহ অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী মিজানুর রহমান।
থানায় অভিযোগ করায় ব্যবসায়ী মিজানুর এবং আমার ওপর ক্ষিপ্ত হয় ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে মদিনা ষ্ট্যান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করে নেয় অভিযুক্তরা। আমি এ ঘটনার বিচার দাবী করছি। তবে এবিষয়ে জানতে অভিযুক্ত ইমরাণ মোল্লার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এ ক্যটাগরির আরো খবর..