মেহের আমজাদ,মেহেরপুর (২৪-১২-২০১৯) : মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী আফরোজা খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার মরদেহের সন্ধান পায় স্বজনরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল এ দিন বেলা ১২ টার দিকে মহিষাখোলা গ্রামের আজাদ বকসের পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয় বলে ধারনা স্বজনদের। আফরোজা খাতুন নওদাপাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী শিপন আলীর স্ত্রী ও মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে। স্বামী বিদেশ থাকার কারনে বাবা মায়ের সংসারেই থাকতেন ফিরোজা খাতুন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ছেলেকে নিয়ে ঘুড়িয়ে পড়েন আফরোজা। তবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন আফরোজার সন্ধান পাচ্ছিলেন না। খোঁজার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি তুলা ক্ষেতে আফরোজার ব্যবহৃত ওড়না ও স্যান্ডেলের সন্ধান পাওয়া যায়। এতে পরিবারের লোকজনের সন্দেহ বেড়ে যায়। পরে প্রতিবেশী আজাদ বক্সের পুকুরে আফরোজার মরদেহ খুঁজে পায় স্বজনরা। তার গলায় আঘাতের চিহ্নি রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারনা স্বজনদের। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারছেন না পরিবার। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সেই সাথে এ ঘটনার পেছনের রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশ।