অর্থনৈতিক ডেস্ক: বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ২০১৪-২০১৫ অর্থবছরে কয়লা বিক্রি করে ৩৭৯.৪৭ কোটি টাকার মুনাফা অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড বিসিএমসিএল’র ১৭তম বার্ষিক সাধারণ সভা গত ১২ই নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পেট্রোবাংলা ও বিসিএমসিএল’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইসতিয়াক আহম্মেদ। উক্ত সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থ বছরে ৭ লক্ষ মেট্রিক টন কয়লা খনি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ৬.৭৬ লক্ষ মেট্রিক টন কয়লা উৎপাদন করেছেন। অর্থ বছরের বড়পুকুরিয়ার ২৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৫.২২ লক্ষ মেট্রিক টন এবং পিডিবি ছাড়া ইটের ভাটাসহ অন্যান্য ক্রেতার নিকট ৩.১৪ লক্ষ মেট্রিক টন কয়লা বিক্রি করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ প্রায় ৮৫৩.৮৪ কোটি টাকা রাজস্ব আয় করেছে।
কোম্পানি উক্ত অর্থ বছরে কর পূর্বক মুনাফা করেছেন মোট ৩৭৯.৪৭ কোটি টাকা। যা পূর্ববর্তী বছরে ছিল ৩৩৬.১১ কোটি টাকা। ২০১৪-২০১৫ অর্থবৎসরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরকারি কোষাগারে ২২৫.৬১ কোটি টাকা জমা প্রদান করেছেন। ২০১৪-২০১৫ অর্থ বছরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভ থেকে দ্বিতীয় স্ল্যাইস-এর ১২১২ লংওয়াল ফেইস থেকে কয়লা উৎপাদন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে এবং বর্তমানে ১২০৮ লংওয়াল ফেইস থেকে কয়লা উৎপাদন চলামান রয়েছে। যা কোম্পানির জন্য একটি মাইলফলক।
গত বছরের মে ২০১৩ সাল থেকে বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন প্রযুক্তি Longwall Top Col Caving (LTCC) পদ্বতিতে কয়লা উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছেন। ফলে এই খনি শিল্পে নতুন প্রযুক্তি সংযোজন এবং ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য খনিতেও এ পদ্ধতি কার্যক্রম চালু করা সম্ভব হবে।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি), পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদসহ মন্ত্রণালয়, সংস্থা এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ ব্যাপারে পার্বতীপুরের বড়পুকুরিয়া কোলমাইনিং প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামান ব্রেকিংনিউজিকে জানান, ‘বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পটি এখন লাভজনক প্রতিষ্ঠানে দাড়িয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে ভূ-গর্ভ থেকে বিপুল পরিমাণ কয়লা তোলা হচ্ছে।’



