প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য, সামাজিক সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপি-জামায়াতসহ দেশি-বিদেশি চক্র সক্রিয় হয়ে উঠেছে, তখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী এই কমিটি গঠনের নির্দেশনা দেন। সামাজিক সম্প্রীতি কমিটি র মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার মূলোৎপাটন করা হবে। বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ যখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে, তখন এক শ্রেণির লোক সমাজের শান্তি নষ্ট করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত ১৪ বছর ধরে দেশ যে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এটা তাদের সহ্য হয় না। নির্বাচন এলেই তারা ষড়যন্ত্র করার জন্য সক্রিয় হয়ে ওঠে। আওয়ামী লীগের অর্জন তারা চোখে দেখে না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকতে মাদক বিএনপির একটি অস্ত্র ছিল। দেশের কোমলমতি কিশোরদের ধ্বংস করতে তারা মাদক আমদানি করে। তারা চায় না এদেশে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠুক। পাকিস্তান ভেঙে জাতির পিতা বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়ে তোলেন বলেই তাদের এদেশের মানুষের ওপর রাগ আর ক্ষোভ। এ জাতিকে ধ্বংস করার জন্য জিয়াউর রহমান ক্ষমতায় এসেই কিছু ছাত্রের হাতে অস্ত্র তুলে দেয়। তাদের নিয়ে বিদেশ ভ্রমণ করে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিএনপি সবসময়ই চেয়েছে দেশ ধ্বংস হয়ে যাক। আর আওয়ামী লীগ সবসময় চেয়েছে আমাদের বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে যাক।