অগ্নি সন্ত্রাসীদের নৃশংস বর্বরতার জবাব ব্যালটের মাধ্যমে দেবে জনগণ – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অগ্নি সন্ত্রাসীদের নৃশংস বর্বরতার জবাব ব্যালটের মাধ্যমে দেবে জনগণ – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস এবং নৃশংস বর্বরতা এদেশের মানুষ কখনোই ভুলবে না। সেই নৃশংস বর্বরতার জবাব এ দেশের জনগণ ব্যালটের মাধ্যমে দেবে।

আজ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকালীন স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি পুনরায় পুলিশের ওপর বোমা হামলা ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এরা এদের পুরনো চেহারায় ফিরিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের এসব আগুন সন্ত্রাসীদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের সেই অগ্নিসন্ত্রাস আর যেন কখনো ফিরে না আসে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে হাঁটু গেড়ে মাথা নত করে চলে গেছে পাকিস্তানি বাহিনী। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই রাজনৈতিকভাবে পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে।

আলোচনা সভার শুরুতে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রায় ২০ জন আগুনে দগ্ধ ব্যক্তি উপস্থিত থেকে বিভীষিকাময় দিনগুলোর কথা বর্ণনা করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের  সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের সাংগঠনিক বিএম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্র সচিব অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, অ্যাডভোকেট খোদেজা নাসরিন এমপি, শহিদ খালেদ মোশাররফের বোন রীণা মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, রুহুল আমিন মজুমদার, দেওয়ান কামাল, ভাস্কর রাশা ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।