রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ঢাকার বিভিন্ন সড়ক, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের চাপ, গণপরিবহনের বর্তমান অবস্থা, বাস টার্মিনালগুলোর ব্যবস্থাপনা, পার্কিং সংকট এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে চালু হবে ETC
ঢাকার এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন বা ETC ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে টোল আদায়ের সময় কমানোর পাশাপাশি যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ETC ব্যবস্থার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির সিদ্ধান্তও হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপ ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বুয়েটের প্রতিবেদন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে নিয়মিত সৃষ্টি হওয়া যানজট নিরসনেও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর আগে এ বিষয়ে যে প্রতিবেদন তৈরি করেছিল, সেটি পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বুয়েটকে সংশোধিত বা প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আন্তঃজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন টার্মিনাল কেরানীগঞ্জে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। তবে স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় দ্রুত যানজট নিয়ন্ত্রণে ঝিলমিল প্রকল্প এলাকার ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালটি রাজধানীর কেন্দ্রীয় অংশ থেকে সরিয়ে নেওয়া গেলে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।
গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ
যাত্রী ও যানবাহন পরিচালনার সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের যানজট কমাতে সেখানকার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সচিবালয়ের আশপাশে নতুন পার্কিং ব্যবস্থা
সচিবালয় এলাকায় যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং ব্যবস্থা করা যায় কি না, তা যাচাই করতে বলা হয়েছে।
এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিং স্পট চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমিয়ে আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
অটোরিকশার জন্য পৃথক নীতিমালা
ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ
বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে যেসব কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার নির্দেশ দেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



