অর্থনৈতিক ডেস্ক: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উদ্ভাবিত ‘সামাজিক ব্যবসা’ বিষয়ে একটি বই প্রকাশিত হয়েছে। রোববার দুপুরে ইউনূস সেন্টার কার্যালযে ‘সামাজিক ব্যবসার শক্তি’ শীর্ষক নতুন এ বইটির মোড়ক উন্মোচন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
বইটি লিখেছেন এম এফ এম আমীর খসরু। তিনি বর্তমানে ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।
ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীণ উদ্যোক্তা, সামাজিক ব্যবসার ফান্ড, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, স্যোশাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম।
বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিদের জন্য একটি উপকারী বই হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া বইটি সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য বিশেষ উপকারী হবে। বইটি ঢাকার উল্লেখযোগ্য বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে।
এম এফ এম আমীর খসরু দীর্ঘদিন ধরে মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি বিভিন্ন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রয়েছে তার।



