বিশেষ প্রতিবেদকঃ ভারতীয় হাইকমিশনের সশস্ত্রবাহিনীর জন্য ভিসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্রবাহিনী বিভাগের সহযোগিতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের পরিবারের লোকদের জন্য এ ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ক্যাম্পটি যৌথভাবে উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান।
ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ভারতীয় ভিসা প্রক্রিয়াকে গতিশীল ও সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হাইকমিশন। এটি তার একটি। গত বছর জুনে অপর একটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ৫৫ হাজারের বেশি বাংলাদেশী নাগরিককে পর্যটক ভিসা দেয়া হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য একই রকমের আরেকটি ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে দুই হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছে।
এতে বলা হয়, ভিসা পাওয়া প্রক্রিয়াকে সহজতর করতে সরাসরি পর্যটক ভিসা স্কিমের আওতায় যে কেউ তাদের নিশ্চিত বিমান, সড়ক বা রেল টিকিটসহ কোনো অ্যাপয়েন্টমেন্ট (ই- টোকেন) ছাড়াই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ৯টি শাখায় আবেদনপত্র জমা দিতে পারেন। বয়স্ক নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ই-টোকেন পদ্ধতি বাতিল করা হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য পাঁচ বছর মেয়াদি ভিসা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নারী আবেদনকারী ও তাদের নিকটাত্মীয়দের জন্য আইভিএসির মিরপুর শাখা বিশেষ ব্যবস্থায় শনিবার খোলা রাখা হয়েছে। এ ছাড়া কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের নির্ভরশীল সদস্যরা পর্যটক ভিসার আবেদনপত্র সরাসরি আইভিএসির উত্তরা শাখায় জমা দিতে পারেন।



