স্টাফ রিপোর্টার, যশোর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের নামে ছাগল খুঁজছে। ফলে আমরা এই সরকারের অধিনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। এমনকি ঘরে বসেও থাকবে না। একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আজ বিকেলে যশোর টাউন হল ময়দানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে তিনি আরো বলেন, রক্তের বিনিময়ে স্বাধীন করা এ দেশের সরকারকে বিদেশে মাফিয়াদের দেশ বলে চেনে। এর থেকে দেশকে বের করতে হবে।
তিনি আরো বলেন, এ দেশে মৃত্যুদÐ প্রাপ্তরা মুক্তি পেয়ে বিদেশে চলে যায়। অথচ বিএনপিপ চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দিচ্ছে না। এ সরকার চায় খালেদা জিয়াকে আটকে রাখতে। কারণ তারা মনে করেন খালেদা জিয়া দেশের বাইরে গেলে এ সরকার টিকে থাকতে পারবে না। তবে তাকে আটকে রেখেও শেষ রক্ষা হবে না। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে আপনাদের পতন ঘটাবে।
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিতে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, চেয়ারপারসনের সাবেক উপদেস্টা মশিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনেক আগেই গণসমাবেশের ঘোষণা দেয় যশোর জেলা বিএনপি। নিয়ম মেনে তিনটি মাঠের যে কোন একটিতে সমাবেশের অনুমতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুমতিও চাওয়া হয়। কিন্তু আজ সকাল পর্যন্ত প্রশাসনের কোন অনুমতি দেয়া হয়নি। এমনকি শহর জুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ। তবে সমাবেশ সফল করতে শীত উপেক্ষো করে ভোর থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
কিন্তু মাঠে প্রবেশে বাধার সম্মুক্ষিণ হন তারা। অবশ্য পরে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে প্রায় তিন হাজার নেতাকর্মী এক বিশাল মিছিল নিয়ে যশোর টাউন হল ময়দানে প্রবেশ করে। এসময় পুলিশ সেখানে থেকে সরে যায়। এরপর দুপুর ২টার মধ্যে সমাবেশস্থল পূর্ণ হয়ে যায় নেতাকর্মীতে।





