সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ১৫ আগস্ট

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট দেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ঐ সময় রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ বিষয়ে এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঐদিন সকাল ১১ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে।

জাতীয় দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে মূল আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐদিন বিকাল চারটায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত হবে।

দুপুর ১২ টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে শোকসভা ও মিলাদ মাহফিল। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শোকসভা ছাড়াও দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হবে। এছাড়াও মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ এবং সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সেদিন জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শোক দিবসের দিন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করবেন। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানোর সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ জরুরি বিভাগ স্থাপন ও দুই শিফটে অপারেশন থিয়েটার চালুর নীতিমালা প্রণয়নে কমিটি গঠনে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ।

দেশের সরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ জরুরি বিভাগ স্থাপনের লক্ষ্যে ‘ইমার্জেন্সী প্রটোকল’ এবং দুই শিফট অপারেশন থিয়েটার চালু করতে দুটি নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সদস্য হিসাবে থাকবেন। বিশেষায়িত ও মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক জরুরি বিভাগ চালু করতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতিসহ কার্যপরিধি নির্ধারণের জন্য কমিটিকে ‘ইমার্জেন্সী প্রটোকল’ প্রণয়নের সুপারিশ ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হাসপাতালে ইমার্জেন্সী প্রটোকল, অপারেশন থিয়েটারে দুই শিফট চালু এবং ঝুঁকি ভাতা বন্টন নীতিমালা’ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি নির্দেশ দেন।

হাসপাতালে রেডিওথেরাপি, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা সংশ্লিষ্টদের জন্য ‘ঝুঁকি ভাতা’ বন্টন নীতিমালা প্রণয়নের জন্যে অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে আরো একটি কমিটি গঠন করে এসংক্রান্ত সুপারিশ দ্রুত উপস্থাপন করার জন্যেও মন্ত্রী এসময় নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মধ্যে প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।