সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্মত ঢাকা-ওয়াশিংটন

বিশেষ প্রতিবেদকঃ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাস দমন ও উগ্র জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী পঞ্চম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে এ মতৈক্য হয়। আজ শুক্রবার বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং অপর দিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন।

সংলাপের প্রথম দিন ‘নিরাপত্তা সহযোগিতা’, ‘উন্নয়ন ও সুশাসন সহযোগিতা’ এবং ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা’ সংক্রান্ত তিনটি ওয়ার্কিং গ্রুপে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের প্রায় তিন দশকের গুরুত্বপূর্ণ অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেছে।

অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, উচ্চ শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গত সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে ইউএসএআইডির সহায়তারও প্রশংসা করা হয়।

উভয় পক্ষ বিদ্যমান খাত এবং নতুন ক্ষেত্রে অব্যাহত ও বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে।

মার্কিন প্রতিনিধিদল কয়েক দশক ধরে মিয়ানমারের বিপুলসংখ্যক অনিবন্ধিত নাগরিককে বাংলাদেশে অবস্থান করতে দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে।

দুই পক্ষ তৈরি পোশাক খাতের সমস্যা নিরসনে বাংলাদেশের অর্জন নিয়ে আলোচনা করে এবং এ ব্যাপারে মাল্টি-স্টেকহোল্ডার কোঅপারেটিভ মেকানিজম অব্যাহত রাখতে সম্মত হয়। তারা বাণিজ্য ক্ষেত্রে আলোচনা অব্যাহত রাখতেও সম্মত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।