বিশেষ প্রতিবেদকঃ গণমাধ্যম থেকে আমরা জানতে পারলাম যে মন্ত্রিসভার বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জনমত গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এর বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করলে দেশের জনগণকে পাশে পাবে না আওয়ামী লীগ। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন প্রশ্ন হচ্ছে, কার বিরুদ্ধে এই জনমত গড়ে তুলবেন। যে রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তার বিরুদ্ধে জনমত?
তিনি বলেন, এ রায়ের পর সরকারের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। এই রায়ে বাংলাদেশের রাজনীতি ও সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগ সরকার এখন জনবিচ্ছিন্ন।
তিনি আরো বলেন, তারা প্রহসনের নির্বাচনে জোর করে ক্ষমতায় এসেছে। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ভোটকেন্দ্রে যাননি। তাহলে তারা কিসের জনপ্রতিনিধিত্ব দাবি করেন।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই জনগণের ভোটে এসেছে। পক্ষান্তরে আওয়ামী লীগ ভোট ছাড়া জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এবং বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে বলে সবাই জানে।
এসময় এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আমিনুল হক, মীর নাছির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

