বিশেষ প্রতিবেদকঃ ‘আদালতের রায় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আদালতের হাত এত লম্বা হয়নি যে সংসদকে ছুঁতে পারে। ওদের হাত এত লম্বা নয়।’ ষোড়শ সংশোধনী প্রসঙ্গে কথাগুলি বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হাসনাত।
সংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তাঁরা জেনেশুনেই সংসদকে অপমান করছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদ। আর রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ দেন। অতএব এই সংসদকে কেউ অসম্মান করতে পারে না। তাদের হাত এত লম্বা নয় যে সংসদকে ছুঁতে পারে।’
বিএনপিকে সতর্ক করে মোহাম্মদ নাসিম বলেন, ‘ছোট ভুল শোধরানো যায়, কিন্তু বড় ভুলের ক্ষমা নেই। বড় ভুল করে দেশকে অন্ধকারের দিকে নিবেন না।’ তিনি আরো বলেন, ‘চক্রান্ত করে লাভ নেই। বিএনপির বন্ধুদের বলি, আদালতের দরজায় ঘুরেন; আমাদের অসুবিধা নেই।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্ত চলছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে রাজপথে আর কেউ থাকতে পারবে না।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।



