বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রানা প্লাজার ভবন নির্মাণে দুর্নীতির মামলায় সাভার পৌরসভার দুই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
ভবন মালিক সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে বিচার চলমান এ মামলায় বৃহস্পতিবার সাক্ষ্য প্রদানকারীরা হলেন, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং হিসাব রক্ষক কর্মকর্তা মো: ছামসুদ্দিন।
ঢাকার বিভাগীয় স্পেশাল সৈয়দ কামাল হোসেন এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৬ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
মামলার অপর ৯ আসামীরা হলেন- সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র মো: রেফাতউল্লাহ, সাভার পৌরসভার প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান রাসেল, প্রাক্তন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রাক্তন উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সাভার পৌরসভার প্রাক্তন টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো: মোতালিব।
২০১৭ সালের ২১ মে আসামীদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলায় বলা হয়, সোহেল রানা ও তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম রানা প্লাজা নামের একটি বিপণিকেন্দ্র নির্মাণের জন্য তন্ময় হাউজিং লিমিটেড নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ওই প্রতিষ্ঠানটি ভবনের দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পর সোহেল রানা ওই প্রতিষ্ঠানকে বিদায় করে দেন। পরে নিজেরাই ছয়তলা পর্যন্ত ভবন নির্মাণ করেন। বাণিজ্যিক ভবন হিসেবে সেখানে পোশাকের কারখানা স্থাপন করা হয়। এরপর ছয়তলা ভিত্তির এ ভবনকে ১০ তলা করতে সাভার পৌরসভার অনুমোদন নিয়ে নয় তলা পর্যন্ত কাজ শেষ করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা নামক ভবন ধসে ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যায়। আহত হয় ১ হাজার ১৭০ জন।


